ভূঞাপুরে অবৈধ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিরাজকান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার গ্রুপ ও ইউপি সদস্য নুর আলম মণ্ডল (নহু মেম্বার) গ্রুপের লোকজনের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, বালুর ঘাটে আধিপত্য বিস্তার নিয়ে হামলায় আট জন আহত হয়েছে। এদের মধ্যে চার জনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, উপজেলার সিরাজকান্দি বাজারে বালুঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। পরে সংঘর্ষের রূপ নেয়। এতে ১৫ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
