পৌরসভার নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়নে ক্ষুব্ধ হয়ে নবীনগর পৌরসভার মেয়র উপজেলা বিএনপি সহ-সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাঈনুদ্দিন মাঈনুসহ দলের অঙ্গসংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়র মাঈনুদ্দিন মনোনয়নপত্র জমা দিয়ে নবীনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণপদত্যাগের এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাঈনুদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় উপজেলা ছাত্রলের সিনিয়র সহ-সভাপতি বায়েজিদ আহম্মেদ বাবু, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ওবাইদুল হক ও নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাজী লিমনের নেতৃত্বে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের প্রায় অর্ধশত নেতাকর্মী গণহারে পদত্যাগের ঘোষণা দেন। আগামী ১৪ অক্টোবর নবীনগর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
