দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল সীমান্তের ঐতিহ্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাটবাড়ী আশ্রম। প্রতি বছরের ন্যায় এবারও এখানে হরিদাস ঠাকুরের নির্য্যান তিথী মহোত্সবে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনের এ অনুষ্ঠানে বসেছে মেলা। দেশ-বিদেশ থেকে আসা হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত ধর্মীয় অনুষ্ঠান। বুধবার থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলছে বৃহস্পতিবার সারাদিন। পার্শ্ববর্তী দেশ ভারতসহ অন্য দেশের ভক্তরাও যোগ দেন অনুষ্ঠানে।
নির্য্যান তিথী উদযাপন কমিটির সদস্য সচিব সুকুমার দেবনাথ জানান, সনাতন ধর্মের অন্যতম তীর্থ স্থান পাটবাড়ী আশ্রম নামে খ্যাত পূণ্যভূমি। ভক্ত এবং সাধু-সন্যাসীদের আগমনে মুখরিত হয় এ আশ্রম। ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠান । তবে এবার ভক্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
পাটবাড়ী আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী ফনি ভূষণ পাল জানান, ঐতিহ্যবাহী এ আশ্রমটি আজ দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান এখানে স্বাধীনভাবে পালন করা হয়।
আশ্রমের সভাপতি তাপস কর্মকার জানান, এ আশ্রমে দেশ-বিদেশ থেকে যে সমস্ত ভক্ত বা দর্শনার্থীরা আসেন তাদের এখানে থাকা-খাওয়ার সুব্যবস্থা করা হয় আশ্রমের পক্ষ থেকে। তাদের নিরাপত্তার জন্য প্রশাসনিক ব্যবস্থাও করা হয়েছে।
