কুমিল্লার তিতাসে স্থগিত হওয়ার প্রায় পাঁচ মাস পর উপজেলা পরিষদ নির্বাচনের নতুন তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তপশিল ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র বা অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ২১ অক্টোবর।
উল্লেখ্য, গত ৩১ মার্চ তিতাস উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন ভোটকেন্দ্রে নানা অনিয়মের অভিযোগে ভোটের দিন বেলা ৩টার দিকে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশনের তিন সদস্যের তদন্ত কমিটি ২৯ ও ৩০ এপ্রিল গণশুনানিতে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় নতুন করে তপশিল ঘোষণা করা হয়।
আগের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার এবং বিদ্রোহী প্রার্থী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ হোসেন সরকার। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুই জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী ছিলেন।
