ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর ঘাটুরায় আট বছরের শিশুশিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘাটুরা বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, সুহিলপুর ইউপি সদস্য মহসিন খন্দকার, নির্যাতিত শিশুর চাচা কাজী জমির আলীসহ স্থানীয়রা। পরে ধর্ষকের ফাঁসির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
রংপুরে ট্র্যাফিক সচেতনতাবিষয়ক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার, রংপুর আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ট্র্যাফিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ট্র্যাফিক সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আরপিএমপি ট্র্যাফিক বিভাগের আয়োজনে মোটর শ্রমিক নেতাকর্মীদের সঙ্গে এ সভা হয়। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ট্র্যাফিক সচেতনতাবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। নিরাপদ সড়কে গড়তে ট্র্যাফিক সচেতনতা বিষয়ে আলোকপাত করেন আরপিএমপি ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, ট্র্যাফিক ইনচার্জ (উত্তর) দেলোয়ার হোসেন, (দক্ষিণ) মো. বেলাল হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি তমিজ উদ্দিন তমেজ প্রমুখ।
কোটালীপাড়ায় বিদ্যালয়ে বই ও আলমারি বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা শিশুদের পড়ার আগ্রহ সৃষ্টি ও পড়ার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির পক্ষ থেকে বিনামূল্যে বই ও আলমারি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কোটালীপাড়া এপি অফিস প্রাঙ্গণে সংস্থাটির আনলক লিটারেসি প্রোগ্রামের আওতায় বই ও আলমারি বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার পাঁচটি বিদ্যালয়ের মাঝে পাঁচটি আলমারি ও ১৯৫টি বই বিতরণ করেন। কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজীর সভাপতিত্বে বই ও আলমারি বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণকান্ত সরকার ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
স্বরূপকাঠিতে দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে কলেজিয়েট একাডেমির শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, নিষ্ঠাবোধ সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। সংস্থার উপজেলা সভাপতি মো. শাহ আলম বাহাদুরের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ, সহসভাপতি নিরঞ্জন হালদার, সদস্য মন্টু লাল কর্মকার প্রমুখ।
অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে বীর প্রতীক লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর রশিদ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রশিদ কৃষি খামার লিমিটেডের চেয়ারম্যান লায়লা নাজনীন হারুন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লে. জেনারেল (অব) বীর প্রতীক এম হারুন অর-রশিদ।
আমতলীতে বিনামূল্যে চিকিত্সাসেবা
আমতলী (বরগুনা) সংবাদদাতা আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাটে অবস্থিত ইউনিয়ন পরিষদের হল রুমে বৃহস্পতিবার বিনামূল্যে চিকিত্সা সেবা দেয়া হয়। আন্তর্জাতিক সংস্থা সুইসকন্ট্যাকট-এর সহযোগিতায় আস্থা প্রকল্পের মাধ্যমে এনএসএস এ বিনামূল্যে চিকিত্সা সেবার আয়োজন করে। ডা. একরামুল কবির ও ডা. রেজাউল করিমসহ চারজন প্যারামেডিকস সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করেন। এ ক্যাম্পে ২০০ দরিদ্র নারী-পুরুষ বিনামূল্যে চিকিত্সাসেবা নেন।
মোরেলগঞ্জে ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জ বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান। মোরেলগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮০ জোড়া বেঞ্চ ও ১০২টি ফ্যান বিতরণ করা হয়।
