নখ দেখে রোগ চেনা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

শরীরের নানা ধরনের অসুখের সঙ্গে নখের ধরনে পরিবর্তন হতে পারে। সুস্থ নখ সুস্বাস্থ্যের লক্ষণ। নখের রং পালটে যাওয়া, নখ মরে যাওয়া, ভঙ্গুর হয়ে পড়া বা নখে গর্তের সৃষ্টি হওয়া নানা ধরনের রোগের লক্ষণ। খসখসে ভঙ্গুর নখ চামচের মতো বেঁকে যাওয়া, ফ্যাকাশে নখ ভিটামিনের অভাবে, বিশেষ করে আয়রণের অভাবে হয়ে থাকে। আবার যকৃতের রোগে নখ সাদা হয়ে যেতে পারে। নীলচে নখ রক্তে অক্সিজেনের অভাবকে নির্দেশ করে। আমিষ, ভিটামিন সি, ই ও ফলিক অ্যাসিডের অভাবে নখ বিবর্ণ ও ভঙ্গুর হয়ে পড়ে। ছত্রাক সংক্রমণে এবং কখনো কখনো সোরিয়াসিসে নখ মোটা দেখা যায়। নখ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে। পানির কাজ বেশি করতে হলে দস্তানা ব্যবহার করতে হবে। নখ নিয়মিত সোজা করে কাটতে হবে। ঘন ঘন নেইল পলিশ ও রিমুভার ব্যবহার করা যাবে না। আমিষযুক্ত খাবার ও ভিটামিন নখের জন্য উপকারী। তাই দৈনন্দিন খাদ্য তালিকায় এসব খাবার রাখতে হবে। নখের রঙের বা আকৃতির পরিবর্তন হলে চিকিত্সকের পরামর্শ নিতে হবে।

লেখক : ডা. সঞ্চিতা বর্মণ, ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ