প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

গত ২৬ আগস্ট দৈনিক ইত্তেফাক-এর তৃতীয় পৃষ্ঠায় ‘অভিযুক্তরা ধরা ছোঁয়ার বাইরে, ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ ও ভর্তিতে অনিয়ম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষা-প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ড. মো. ইউনূছ আলী আকন্দ। প্রতিবাদলিপিতে তিনি বলেন, স্কুলে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সব ক্ষমতা অধ্যক্ষের এবং সব ধরনের কার্যক্রম অধ্যক্ষ ও গভর্নিং বডির চেয়ারম্যানের স্বাক্ষরে চলে। গভর্নিং বডির সদস্যদের স্বাক্ষরে কিছুই হয় না। ঢালাওভাবে গভর্নিং বডির সব সদস্যকে দায়ী করা মানহানির শামিল। বিভিন্ন অনিয়মের কারণে তিনি অধ্যক্ষ ও গভর্নিং বডির চেয়ারম্যান বরাবর প্রায় ৮০টি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। ২০১৭ থেকে ২০১৯ মেয়াদে তিনি কোনো ভর্তির কোটা নেননি বা কোনো কোটার বিধান ছিল না বা এরূপ কোনো কোটা গভর্নিং বডির সিদ্ধান্তেও হয়নি বলে দাবি করেন তিনি।