স্বাধীনতার ৪৮ বছর পর বাংলাদেশ-ভারত সীমান্তে ‘সীমান্ত পিলার’ থেকে PAKISTAN/PAK লেখা অপসারণ করে BANGLADESH/BD লেখার কার্যক্রম সম্পন্ন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এখন থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের কোনো পিলারে PAKISTAN/PAK লেখা থাকবে না; থাকবে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নাম।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর ৮ হাজারের অধিক পিলারে ইংরেজিতে খোদাই করে IND-PAK/INDIA-PAKISTAN লেখা ছিল। মূলত বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তের অনেক পিলারে PAKISTAN/PAK লেখা ছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ প্রাণের বিনিময়ে পাকিস্তান হতে বাংলাদেশ স্বাধীনতা লাভের এতো বছর পরও সীমান্ত পিলারগুলো হতে PAKISTAN/PAK শব্দটি মুছে দিয়ে তদস্থলে স্বাধীন বাংলাদেশের নাম না লেখার বিষয়টি সারাদেশের মানুষের মধ্যে পীড়াদায়ক ছিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম অধীনস্থ রিজিয়নসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিজিবির নিজস্ব তহবিল দিয়ে ঐসব সীমান্ত পিলারের PAKISTAN/PAK লেখা পরিবর্তন করে BANGLADESH/BD লেখার কাজ শুরু করেন। ইতিমধ্যে সীমান্ত পিলারসমূহে PAKISTAN/PAK লেখা মুছে BANGLADESH/BD লেখার কাজ শেষ হয়েছে।
