>> ছাইফুল ইসলাম মাছুম
জাতীয় অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে গত ৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. হাবিবুল্লাহ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাজেট বিষয়ে তরুণদের মধ্যে আগ্রহ তৈরি এবং দেশব্যাপী বাজেট-বিতার্কিক তৈরির লক্ষ্যে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দেশে বাজেট অলিম্পিয়াড আয়োজন করেছে। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. আতিউর রহমান। সভাপতিত্ব করেন বাজেট অলিম্পিয়াড জাতীয় আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিআইডিসির সাবেক ফেলো ও গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সভাপ্রধান ড. প্রতীমা পাল মজুমদার, অ্যাকশন এইডের পরিচালক আসগর আলী সাবরি, অ্যাকশন এইডের ম্যানেজার নুজহাত জাবিন ও নাজমুল আহসান, ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের অধ্যাপক ড. নজরুল ইসলাম ও অলিম্পিয়াডের সমন্বয়কারী নুরুল আলম মাসুদ।
সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রতিযোগিতার মধ্যদিয়ে ১০০ জন তরুণ শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হন। সকাল ১০টা ৩০ মিনিটে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বাজেট অলিম্পিয়াডের জাতীয় আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ। এরপর অংশগ্রহণকারীরা কুইজ রাউন্ড, ব্যাজ্জার রাউন্ড, বিতর্ক প্রতিযোগিতা করেন এবং বিভিন্ন প্রতিযোগিতার মধ্যদিয়ে একজন চ্যাম্পিয়ান এবং দুজন রানার্সআপ নির্বাচিত হন। চ্যাম্পিয়ান ও রানার্সআপ ক্রেস্ট, সনদ ছাড়াও যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকার ফেলোশিপ প্রদান করা হয়। অলিম্পিয়াড বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও ফেলোশিপের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. আতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, ‘জাতীয় বাজেটকে জনমুখী করে তোলার জন্য তরুণদের সম্পৃক্ত করতে হবে। তরুণেরা তাদের কমিউনিটি থেকে বাজেট বিশ্লেষণের কাজ করার পাশাপাশি বিভিন্ন দাবি ও প্রস্তাবনাগুলো নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে পারেন।’ গণতান্ত্রিক বাজেট আন্দোলন, ইউনাইটেড ন্যাশন অ্যান্ড ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) ও অ্যাকশন এইড বাংলাদেশ ২০১৭ সাল থেকে দেশে প্রথমবারের মতো এই অলিম্পিয়াডের আয়োজন করে। এই বছর জুলাই মাস থেকে অলিম্পিয়াড শুরু হয়। সারাদেশের প্রায় ৪০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাজেট অলিম্পিয়াডে মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক, ডেইলি স্টার ও যমুনা টিভি।
ছবি :শাহিদা খান
