বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ দিন মানববন্ধনের কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। এই কর্মসূচি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পালন করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন।
১২ দিনের কর্মসূচিতে রয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের উদ্যোগে মানববন্ধন, ১৬ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের, ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী তাঁতী দলের, ১৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (এইবি), ১৯ সেপ্টেম্বর ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ও ২০ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদলের (দেশব্যাপী)। এরপর আগামী ২১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ওলামা দলের, ২২ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের (দেশব্যাপী), ২৪ সেপ্টেম্বর জাতীয়তাবাদী কৃষক দলের, ২৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দলের, ২৭ সেপ্টেম্বর এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) এবং ২৮ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
