রাজধানীর ডেমরায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক এক শিক্ষার্থী নিহত ও তার ফুফাতো ভাই আহত হয়েছেন। নিহতের নাম কামরুল হাসান সানি (২৬)। আহতের নাম তাওহীদ ওরফে মেহেদী। নিহত সানি কুমিল্লার মুরাদনগরের কামাল্লা গ্রামের শরিফ নাসির উদ্দিনের ছেলে। এদিকে শাহআলী এলাকার চিড়িয়াখানা নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বুধবার রাতে ডেমরার রানীমহল সিনেমা হলের সামনে বকুল তলা এলাকায় দুর্ঘটনায় সানি নিহত হয়েছেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সানি সিদ্ধিরগঞ্জ থানার মাদানিনগর এলাকার বাসা থেকে তার ফুফাতো ভাই তাওহীদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বের হন। রানীমহল সিনেমা হলের সামনে মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে চলে যায়। এতে সানি ও তাওহীদ দুজনই পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় সানিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টায় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তাওহীদকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
নিহত সানির বোন জামাই মঈন উদ্দিন জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থানার মাদানিনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। সানি চুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির জন্য চেষ্টা ও বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে সানি ছিলেন বড়ো। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে শাহআলীর চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজ সংলগ্ন একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের আট তলা থেকে নিচে পড়ে শফিউল্লাহ (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
