বন্ড মার্কেট উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক :অর্থমন্ত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৮

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশের পুঁজিবাজার বিশেষ করে বন্ড মার্কেট উন্নত করতে সহায়তা করবে বিশ্বব্যাংক। ইতিমধ্যে তারা সহায়তার বিভিন্ন দিক চিহ্নিত করেছে। ভবিষ্যতে এ বিষয়গুলো নিয়ে কাজ করা হবে। গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক জবিদা এলোয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

সরকারি ব্যয়ে অর্থসংকট রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থের কোনো সংকট নেই। ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্য রয়েছে ৯২ হাজার কোটি টাকা। তিনি বলেন, যদি আপনারা কোথাও কোনো ব্যাংকে গিয়ে টাকা না পান, যদি এলসি স্যাটেলমেন্ট করতে না পারেন, যদি পেমেন্ট না করতে পারেন তবে আমাকে এসে বলবেন। তা না হলে আমরা কীভাবে বিশ্বাস করব?

পুঁজিবাজারের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারি ভালো প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসা হবে। বন্ড মার্কেটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বন্ড মার্কেটের উন্নয়নে বিভিন্ন ফি কমানো হয়েছে। বন্ড মার্কেটকে গতিশীল করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। এসব বিষয়ে প্রধানমন্ত্রীও একমত প্রকাশ করেছেন। বন্ড মার্কেট এমনভাবে উন্নয়ন করা হবে যাতে করে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে পারেন। করপোরেট সেক্টরের ফান্ডগুলোও নিয়ে আসা হবে। এই খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে উন্নয়ন করা হবে। বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক বলেন, বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগুচ্ছে তা প্রশংসাযোগ্য। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশিল রয়েছে। ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত দরকার। বন্ড মার্কেট ও শেয়ার বাজারের উন্নয়নে পুরো কাজটাই সমন্বিতভাবে করা হবে। বিশ্বব্যাংক কিছু টেকনিক্যাল এসিস্ট্যান্স, রেগুলেটারি রিফর্ম এবং পলিসির উন্নয়নে সহায়তা করবে বলে জানান তিনি।