বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড়ে সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তারা এ বিক্ষোভ শুরু করে। এ সময় মহাখালী, তেজগাঁও, মগবাজার, গুলশান লিং রোড ও হাতিরঝিলসহ আশপাশ এলাকায় যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হয় হাজার হাজার মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা সাতরাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় রাস্তায় আটকেপড়া অফিসগামী মানুষ ও স্কুলকলেজ পড়ুয়া শিক্ষার্থীরা গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। বয়স্ক ও শিশুদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারীদের এক জন আজিজুল হক জানালেন, বকেয়া বেতনের দাবি এবং ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকেরা রাস্তায় নেমেছে। এছাড়া বুধবার হুট করেই মালিকপক্ষ একাধিক শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের লাঠিচার্জে ছয় শ্রমিক আহত হয়েছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান, বুধবার নাসা মেইনল্যান্ড পোশাক কারখানায় ১৫০ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়। এছাড়া শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। এসব কারণে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে ইটপাটকেল ছোড়ে তারা। এতে দুই নারী পুলিশ সদস্য আহত হন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক জানান, ‘বুধবার রাত থেকেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল। রাতে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সকালে তারা আবারও সড়কে জড়ো হয়েছেন।’
