মেহেরপুরে দুই ভাইকে গলা কেটে হত্যা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩০

মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর শোলমারী বিলে পাহারা দেওয়ার সময় রোকন বিশ্বাস (৩৮) ও হাসান বিশ্বাস (৪২) নামের দুই চাচাতো ভাইকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোকন বিশ্বাস দরবেশপুর গ্রামের উকিলবাড়ি পাড়ার ইদ্রিস আলী মাস্টারের ছেলে এবং হাসান বিশ্বাস একই পাড়ার আজাদ আলী বিশ্বাসের ছেলে। যুবলীগের সাবেক এই দুই নেতা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

জানা গেছে, ঘটনার রাতে রোকন ও হাসান তাদের ইজারা নেওয়া শোলমারী বিলের অস্থায়ী পাহারা ঘরে বসে ছিলেন। তখন ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। তাদের হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলার পিছন দিকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে। এসময় জয় নামের এক পাহারাদার চিত্কার করলে সন্ত্রাসীরা তাকে বেঁধে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই বিলের পাশ থেকে দুই জনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট লিখে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠায়। তবে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশি প্রতিবেদন না পাওয়ায় লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়নি।

নিহতদের চাচাতো ভাই সাইদুল বিশ্বাস জানান, রোকন ও হাসান প্রায় ৬ বছর ধরে শোলমারী বিলে মেহেরপুরের মুহিদ আলীর সঙ্গে শেয়ারে মাছ চাষ করত। তাদের কোনো    শত্রু থাকতে পারে এটা আমাদের জানা ছিল না। তবে দরবেশপুর মধ্যপাড়ার অনুরাগ আদর্শ ক্লাব নিয়ে দুুই মাস আগে তাদের সঙ্গে একটি ঝামেলা হয়েছিল। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের উপযুক্ত বিচার চাই।

মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। অনেকগুলো বিষয় নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। বিল নিয়ে বিরোধ বা কোনো সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল কি না সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।