অগ্নিকাণ্ডে ইসির ক্ষতি ৩ কোটি ৭৭ লাখ টাকা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩১

বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে নির্বাচন ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ৫৯টি কন্ট্রোল ইউনিট ও ইভিএমের ৪৭টি ব্যাটারি। এছাড়াও ৭৮৯টি ব্যালট ইউনিট ও ১ হাজার ২৩৩টি মনিটর, মনিটরের ব্যাটারি ৬৪টি, ক্যাবল ৫৯৭ সেট, ল্যাপটপ একটি ও দুটি বার কোড স্ক্যানার ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৬৯ টাকা। গত ৮ সেপ্টেম্বর রাতে অগ্নিকাণ্ডে নির্বাচন ভবনের মূল স্ট্রাকচারের ক্ষতি হয়নি। নির্বাচন কমিশন (ইসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে নির্বাচন ভবনের নিরাপত্তায় পাঁচ দফা সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রধান মো. মোখলেসুর রহমান প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় কমিটির অন্য পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

মো. মোখলেসুর রহমান বলেন, আগুনে আরো কিছু ইলেকট্রনিক ও অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়েছে। এর মধ্যে রয়েছে- ৯টি এসি, সিলিং লাইন ৪৮টি, একটি প্রজেক্টর, হুইল চেয়ার ও অটবি চেয়ার ১৬টি, টেবিল তিনটি, ঘড়ি একটি, সুইচবোর্ড ১৪টি, বিভিন্ন রকমের ৯টি প্লাগ, ওয়্যারিং চ্যানেল ২ হাজার ফিট এবং ৫০টি ফ্লোর টাইলস। এর মূল্য ৪০ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা। ভবনের পূর্ত ক্ষতি ১৫ লাখ ৪৬ হাজার ৯৮৬ টাকা। তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে নির্বাচন ভবনের বেজমেন্ট-১ এ যেখানে ইভিএম কাস্টমাইজড হয়ে থাকে, সেই জায়গাটিতে আগুন লাগে। ঘটনাটি ঘটেছিল রাত ১০টা ২০ মিনিটের দিকে। সিসিটিভি ফুটেজে দেখতে পেরেছি ১০টা ৫০ মিনিটের দিকে ধোঁয়া দৃশ্যমান হয়। তাত্ক্ষণিকভাবে ভবনে যারা ছিলেন তারা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে জানান। রাত ১২টার আগেই আগুন নেভানো হয়।

জানা গেছে, তদন্ত কমিটি ১২ জনের বক্তব্য রেকর্ড করেছে। ৬ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। এর সঙ্গে সংযুক্তি দিয়েছে আরো ১৮ পৃষ্ঠা। তদন্ত রিপোর্টে ইভিএম ছয়টি কন্ট্রোল ইউনিট পুরোপুরি পুড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩টি।

 রংপুর-৩ আসনে ভোটের সময় অপরিবর্তিত: রংপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসি। গতকাল কমিশনারদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আগামী ৫ অক্টোবর ভোটের তারিখ অপরিবর্তিত থাকছে। এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে ভোটের তারিখ পরিবর্তনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী বৈঠক করেন। ইসি সচিব মো. আলমগীর এ তথ্য জানান।