আড়াইহাজারের ভৈরবদী জামে মসজিদ

কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৫

ইতিহাসের সাক্ষী হয়ে জরাজীর্ণ অবস্থায় আজও দাঁড়িয়ে আছে আড়াইহাজার উপজেলার ঐতিহ্যবাহী ভৈরবদী জামে মসজিদটি। সর্বশেষ এ মসজিদটির সংস্কার করা হয় বাংলা ১৩০৭ সনে।

জানা গেছে, ঐ সময়কার স্থানীয় প্রধান পীর মাহমুদ ভুইয়া এ মসজিদটি সংস্কার করেন। তারপর থেকে আর কোনো বড়ো ধরনের সংস্কার করা হয়নি। এক গম্বুজের এ মসজিদটি কবে নির্মিত হয়েছিল, তা কেউ সঠিকভাবে বলতে না পারলেও মসজিদটির কারুকাজ দেখে ধারণা করা হয় যে, বারো ভুইয়ার শাসনামলে এ মসজিদটি নির্মাণ হয়ে থাকতে পারে। সে সময়ে এ এলাকাটি ছিল সোনারগাঁও পরগনার অধীনে। নবাব ইশা খাঁর আমলে তত্কালীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের সঙ্গে ভারতের ত্রিপুরা ও আসামে যাওয়ার জন্য নদীপথ ছাড়া তেমন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না বলে নদীপথে আসা-যাওয়ার মাঝপথে নামাজ পড়ার জন্য সম্ভবত এ মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে স্থানীয় প্রবীণদের ধারণা।

বিগত সময়ে এলাকাবাসী এ মসজিদে নামাজ পড়লেও স্থান সংকুলানের অভাবে বছর দশেক আগে পাশেই আরেকটি নতুন মসজিদ নির্মাণ করে। ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, সরকার  মসজিদটিকে সংস্কার করার উদ্যোগ নিলে নতুন প্রজন্ম বাংলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা পেতে পারত।