গাজীপুরের শ্রীপুরে নাবালক থাকা অবস্থায় একজনের জমি প্রতারণার মাধ্যমে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ওই জমিতে স্থায়ীভাবে ঘর নির্মাণ করছে প্রভাবশালী মহল। জমির প্রকৃত মালিক প্রশাসনের দ্বারে দ্বারে অভিযোগ দিয়েও বিচার পাচ্ছেন না।
অভিযোগে জানা গেছে, উপজেলার গাজীপুর ইউনিয়নের মৃত আ. হামিদ ফকিরের পুত্র রফিক ফকির ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। নাবালক থাকা অবস্থায় তার সত্ ভাইয়েরা প্রতারণার মাধ্যমে তার জমি রেজিস্ট্রি করে দখল করে নেয়। ঐ সময় নাবালক রফিককে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সম্প্রতি প্রভাবশালীরা ঐ জমি এবং একই বংশের মৃত বাইজিদ ফকিরের পুত্র রেজাউল ফকিরের কিছু জমি হেকমত ফকির ও আমজাদ ফকির গোপনে অন্য ব্যক্তির কাছে বিক্রি করে গরুর খামার ও ঘরবাড়ি নির্মাণ করছে। ঘর নির্মাণে বাধা দিলে তারা মিথ্যা মামলার ভয়ভীতি দেখায়। এ ব্যাপারে শ্রীপুর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার চকপাড়া ফাঁড়ির এসআই মেনহাজ উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্থাপনা নির্মাণের কাজ করতে নিষেধ করা হয়েছে।
অভিযুক্তদের সাথে কথা বললে তারা স্বীকার করেন যে, বিক্রয় করা জমিতে রফিক ফকির ও রেজাউল ফকিরের কিছু অংশ রয়েছে। তাদের অন্য স্থান থেকে জমি দেওয়া হবে।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলা হয়েছে। আইনগতভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
