উপজেলার সড়কের জলাবদ্ধতা নিরসনে নাসিকের মেগা প্রকল্প

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৮

দীর্ঘ সাড়ে তিন বছর জলাবদ্ধতায় বন্দি থাকার পর অবশেষে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের উপজেলা সড়কের পাশে বসবাসকারী লোকজন। এই এলাকার জলাবদ্ধতা নিরসনে ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য মেগা প্রকল্প হাতে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। নাসিকের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু এই মেগা প্রকল্পের তথ্য নিশ্চিত করে  বলেন, নাসিকের প্রচেষ্টায় জাপানি সংস্থা জাইকার অর্থায়নে ৩ কোটি ১৭ লাখ টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় চাঁদমারী মোড় থেকে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় পর্যন্ত নতুন করে রাস্তা সংস্কার করা হবে এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, মেগা প্রকল্পটির সকল প্রাথমিক কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সংস্কার কাজ শুরু হয়ে যাবে। কাজ শুরু হলে অল্প দিনের মধ্যেই এই রাস্তার জলাবদ্ধতার সমস্যা আর থাকবে না।

এলাকার বাসিন্দারা জানান, তিন বছরেরও অধিক সময় ধরে এই রাস্তায় পানি জমে আছে। আগে বৃষ্টির পানি সরাসরি চাঁদমারীতে অবস্থিত পুকুরে এবং ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়সংলগ্ন কালীবাড়ি পুকুরে পড়ত। যে কারণে সড়কে বৃষ্টির পানি জমলেও অল্প সময়েই নেমে যেত। কিন্তু এখন একেবারেই পানি নামছে না। তবে দেরিতে হলেও তাদের জলাবদ্ধতা থেকে মুক্তির লক্ষ্যে কাজ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। এলাকার বাসিন্দা সবুজ মিয়া বলেন, দুটি স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা হচ্ছে এটাই। প্রতিদিন শতাধিক শিক্ষার্থীসহ অন্তত লক্ষাধিক মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। পানি জমা রাস্তার পাশে বস্তা ফেলা হয়েছে। শিক্ষার্থীসহ লোকজন সেই বস্তার ওপর দিয়ে অতি কষ্টে যাতায়াত করে থাকে। তিনি বলেন, সিটি করপোরেশনকে ধন্যবাদ যে শেষ পর্যন্ত আমাদের দিকে তাকিয়েছে। রাস্তাটির জলাবদ্ধতা দূর হলে লক্ষাধিক মানুষের ভোগান্তি দূর হবে। সিটি করপোরেশনের কাছে অনুরোধ, যাতে দ্রুত কাজ শুরু করা হয়।