সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৮

সাভারে বকেয়া বেতনের দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের সার্ক নিটওয়্যার লিমিটেড নামক তৈরি পোশাক কারখানায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বেতনের দাবিতে কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, পোশাক কারখানাটিতে প্রায় সাড়ে ৯০০ শ্রমিক কাজ করে। গত ১০ সেপ্টেম্বর শ্রমিকদের আগস্ট মাসের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ নানা অজুহাতে শ্রমিকদের বেতন দেননি। তাই গতকাল সকাল থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজ না করে কর্মবিরতি পালন শুরু করে। এরপরও কারখানা কর্তৃপক্ষ দুপুর পর্যন্ত কোনো সিদ্ধান্ত না দেওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বকেয়া বেতনের দাবিতে বিরুলিয়া মিরপুর সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার  ভেতরে বিক্ষোভ মিছিল করে এবং কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে কর্মকর্তাদের উদ্ধার করে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)  জাকারিয়া হোসেন বলেন, শ্রমিকদের পাওনা আদায়ের ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।