গাজীপুরে কিশোর গ্যাং দ্বন্দ্বে খুনের ঘটনায় গ্রেফতার ৬

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৮

গাজীপুর মহানগরীর রাজদীঘিরপাড় এলাকায় কিশোর গ্যাং দ্বন্দ্বে এক কিশোর খুনের ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। বুধবার রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে— মো. রাসেল মিয়া, মো. সৌরভ, মো. আশরাফুল ইসলাম, মো. জোবায়ের, মো. আমির হামজা ও মো. সুজন পাটোয়ারী। তাদের বাড়ি গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি চাপাতি ও একটি ছোরা এবং পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ২০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৩ সেপ্টেম্বর দুপুরে সামান্য ‘তুই’ বলা’কে কেন্দ্র করে গাজীপুর সদর থানাধীন রাজদীঘিরপাড় এলাকায় দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষে স্থানীয় ফকির আলমগীরের ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু (১৬) প্রতিপক্ষের চাপাতির কোপে খুন হয়। পরে নিহতের পিতা গাজীপুর সদর থানায় হত্যা মামলা করেন।