সৌদি আরবে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার ১৮ নারী গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন। গতকাল সকাল ৮টা ৪০ মিনিটে আমিরাত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকায় এসে পৌঁছান। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরীফুল হাসান এই তথ্য জানিয়েছেন।
দেশে ফেরার পর গৃহকর্মী কাবিরুন নাহার গণমাধ্যমকে জানান, মাত্র ছয় মাস আগে তিনি গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে যান। কিন্তু নিয়োগকর্তাদের নির্মম নির্যাতনে পঙ্গু হয়ে দেশে ফিরতে হয়েছে তাকে। জানা গেছে, এসব নারী কর্মী নিয়োগকর্তার দ্বারা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন। শরীফুল হাসান জানান, এ নিয়ে গত ৯ মাসে ৮৫০ জন নারী দেশে ফিরে এসেছেন।
