বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান পরমাণু শক্তির বিকাশে দক্ষ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন। দেশের পরমাণু শক্তির বিকাশ ও উন্নয়নে বর্তমান সরকারের সুদূরপ্রসারী ও সুষ্ঠু পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার গড়ে তোলা প্রয়োজন। গতকাল রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘বাংলাদেশে পরমাণু শক্তির বর্তমান অবস্থা এবং উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান সেমিনারে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে বাংলাদেশের পরমাণু শক্তি ও অবকাঠামোর বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর। সেমিনারে ব্রিগেডিয়ার জেনারেল আখতার শাহিদ ‘বাংলাদেশের পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। অপরদিকে ‘বাংলাদেশের পরমাণু বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা’ বিষয়ে বক্তব্য রাখেন কানাডার ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের পরমাণু প্রকৌশলী শাহাদাত হোসাইন। সেমিনারে প্রশ্নোত্তর পর্বের সমন্বয় করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী এম আলি জুলকারনাইন। সূচনা বক্তব্য রাখেন নিউক্লিয়ার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কর্নেল মো. রোশায়দুল মাওলা।
