হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা সময়ের দাবি : আইনমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে আমরা অত্যন্ত জোর গলায় নারীর ক্ষমতায়নের কথা বলি, কিন্তু যখন নারীদের উত্তরাধিকারের কথা আসে তখন আমাদের গলার শব্দ স্তিমিত হয়ে যায়। এটা আমরা উত্তরণের চেষ্টা করব। এদেশের সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা। আমরা সে কারণেই কিন্তু হিন্দু উত্তরাধিকার আইনের ব্যাপারে কথা বলি। এটা আমরা বলতাম না, যদি নারীরা বঞ্চিত না হতেন। হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা এখন সময়ের দাবি। তবে সরকার এটি তাদের ওপর চাপিয়ে দেবে না। হিন্দু সম্প্রদায় এগিয়ে এলে সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আইন সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।