কর্মীকে মারধরের দায়ে সৌদি প্রিন্সেস দোষী সাব্যস্ত, জরিমানা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫১

নিজের অ্যাপার্টমেন্টের এক কর্মীকে মারধর করার অভিযোগে সৌদি যুবরাজের বোন হাসা বিনতে সালমান ফ্রান্সের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ১০ মাসের ‘স্থগিত সাজা’ দেওয়া হয়েছে। তাকে ১০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। প্যারিসে হাসার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কাজ করতেন আশরাফ ইদ নামের ঐ কর্মী। হাসা বিনতে সালমান প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন।

অভিযোগে বলা হয়েছে, হাসা বিনতে সালমানের নির্দেশে তার দেহরক্ষী ওই কর্মীকে মারধর করেন। অন্যদিকে, হাসার অভিযোগ, ঐ কর্মী মোবাইলে তার ছবি তুলেছেন। ছবি তুলে সেগুলো বিক্রির ফন্দি এঁটেছিলেন। ঐ কর্মী বলেন, তাকে বেঁধে রাখা হয়েছিল এবং রাজকুমারীর পায়ের পাতায় চুম্বন করার নির্দেশ দেওয়া হয়েছিল। ঐ কর্মীর বরাত দিয়ে ফ্রান্সের লা পয়েন্ট নামের এক ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, রাজকুমারী চিত্কার দিয়ে বলেছিলেন, ‘ওকে মেরে ফেলো। এটা একটা কুকুর। ওর বাঁচার কোনো অধিকার নেই।’ অবশ্য রাজকন্যা তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন।—বিবিসি