খুলনায় নারীকে হত্যা করে সর্বস্ব লুট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০

খুলনায় লাকি খাতুন (৩৫) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের দক্ষিণ নন্দনপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের আনসার মোল্লার মেয়ে লাকি খাতুন নিজ বাড়িতে একা থাকতেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে পালিয়ে যায়। দুপুর ১২টার দিকে স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের তৃতীয় স্বামী ফুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা লাকি খাতুনের ঘরে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, লাকি খাতুনকে কিভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে, লাকি খাতুনের মৃত্যু রহস্য উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

ইত্তেফাক/এসএস