বিনামূল্যের ১০ ওপেন সোর্স সফটওয়্যার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯

মোজাহেদুল ইসলাম ঢেউ

 

অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজের জনপ্রিয়তা সব জায়গাতেই অনেক বেশি। আর উইন্ডোজের কম্পিউটার চালানোর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের সংখ্যাও অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে বেশি। এসব সফটওয়্যারের বড় একটি অংশ সংগ্রহ করহে হয় অর্থের বিনিময়ে। তবে এসব সফটওয়্যার পাইরেটেড হয়ে বিনামূলেই পাওয়া যায় অনেক সময়, যার ব্যবহার অপরাধের পর্যায়ে পড়ে। আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনলাইনে অর্থের বিনিময়ে সফটওয়্যার সংগ্রহ করাটাও কঠিন। আবার প্রয়োজনীয় এসব সফটওয়্যার এত দাম দিয়ে ব্যবহার করার সামর্থ্যও নেই সকলের। এসব ঝামেলায় আমাদেরকে শেষ পর্যন্ত পাইরেটেড সফটওয়্যারের মুখাপেক্ষী হয়েই থাকতে হয়।

ওপেন সোর্সভিত্তিক সফটওয়্যারগুলো প্রাথমিকভাবে লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমগুলোর জন্য তৈরি হলেও পরবর্তীতে জনপ্রিয় উইন্ডোজ এবং ম্যাক প্লাটফর্মের জন্যও এসব সফটওয়্যারের পৃথক সংস্করণ তৈরি হয়। যার ফলে এখন উইন্ডোজের জন্যও পাওয়া যায় প্রায় সব ধরনের ওপেন সোর্স সফটওয়্যারের বিশাল একটি সংগ্রহ। প্রতিদিনের কাজে লাগে এমন কিছু সফটওয়্যারের কথা তুলে ধরা হলো এ লেখায়।

অফিস প্যাকেজ

অফিস প্যাকেজ সফটওয়্যার হিসেবে মাইক্রোসফটের অফিস বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয়। তবে মাইক্রোসফট অফিসের মতোই সব ধরনের সুবিধা নিয়ে ওপেন সোর্সভিত্তিক অফিস অ্যাপ্লিকেশন ‘ওপেন অফিস’। ওয়ার্ড প্রসেসিংয়ের পাশাপাশি অফিস অ্যাপ্লিকেশনটিতে মাধ্যমে স্প্রেডশিট, প্রেজন্টেশন, গ্রাফিক্স এবং ডাটাবেজের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনও রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন ভাষায় এর সংস্করণ রয়েছে। প্রচলিত মাইক্রোসফট অফিস ব্যবহারে যারা অভ্যস্ত, তারা খুব সহজেই ওপেন অফিস ব্যবহার করতে পারবেন। ওপেন অফিসের বড় একটি সুবিধা হচ্ছে এর দ্বারা আন্তর্জাতিক ওপেন স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডাটা সংরক্ষণ করা যায়, যা অন্যান্য সমমানের সফটওয়্যারেও ব্যবহার করা যায়। আবার এখান থেকেই মাইক্রোসফট অফিসের ফরম্যাটে ফাইল সংরক্ষণ করা যায়। সম্পূর্ণ বিনামূল্যের এই অফিস প্যাকেজটি ডাউনলোড করতে ভিজিট করুন www.openoffice.org।

ওপেন অফিসের পাশাপাশি শুধুমাত্র ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য আরেকটি সফটওয়্যার হচ্ছে অ্যাবিওয়ার্ড। ওয়ার্ড প্রসেসিংয়ের সব ধরনের কাজ করা যায় এর মাধ্যমে। অ্যাবিকোলাব ডটনেট ওয়েব সার্ভিসের সাথে সংযুক্ত এই সফটওয়্যারের অনলাইন সংস্করণে একসাথে একাধিক ব্যক্তি একটি ফাইলে কাজ করতে পারেন। আর অনলাইনে এর ডক্যুমেন্ট সংরক্ষণ করা যায় এবং ডক্যুমেন্ট শেয়ার করা যায়। এটি ডাউনলোড করতে ভিজিট করুন www.abisource.com।

ফাইল আর্কাইভ

ফাইল আর্কাইভ সফটওয়্যার হিসেবে উইন্ডোজের জিপ সার্ভিস বা উইনরারের মতো একটি ওপেন সোর্স সফটওয়্যার  সেভেন জিপ। এর মাধ্যমে ফাইল বা ফোল্ডার সংকোচনের হার অনেক বেশি। ক্যাব, ডেব, ড্যাট, আইএসও, জিপ, রার, এমএসআইসহ প্রায় সব ধরনের জনপ্রিয় আর্কাইভ ফরম্যাট এটি আনপ্যাক করতে পারে। উইন্ডোজ শেল-এর সাথে এটি সংযুক্ত থাকতে পারে। আর এর এনক্রিপশনও অত্যন্ত শক্তিশালী। www.7-zip.org ঠিকানা থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন এটি।

অ্যান্টিভাইরাস

বেশিরভাগ ভালো অ্যান্টিভাইরাসের জন্যই অর্থ খরচ করতে হয়। আবার ফ্রি অ্যান্টিভাইরাসগুলো যথার্থ প্রতিরক্ষা দিতে সক্ষম হয় না অনেক সময়ই। সেক্ষেত্রে একটি গ্রহণযোগ্য অ্যান্টিভাইরাস হতে পারে ওপেন সোর্সভিত্তিক ক্লেমউইন। সব ধরনের উইন্ডোজ সব ওএস-এর জন্যই এটি কাজ করে। ভাইরাস এবং স্পাইওয়্যার ডিটেকশনে এর সফলতার হার অনেক ভালো। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে আপডেট ডাউনলোড এবং ভালো অ্যান্টিভাইরাসের অন্যান্য সুবধাও রয়েছে এতে। বিনামূল্যের এই অ্যান্টিভাইরাসের জন্য ওয়েব ঠিকানা :www clamwin.com।

ওয়েব ব্রাউজার

ওয়েব ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরের পর সবচেয়ে জনপ্রিয় মজিলার ফায়ারফক্স। অনেকেরই জানা নেই, বহুল ব্যবহূত এই ব্রাউজারটি ওপেন সোর্স ভিত্তিক। ফায়ারফক্সের সব আধুনিক ফিচারই একে অন্যতম জনপ্রিয় ব্রাউজারে পরিণত করেছে। ফায়ারফক্সের হোম সাইট :www.mozilla.org।

ফায়ার ফক্স ছাড়াও ওপেন সোর্স ভিত্তিক ব্রাউজারের মধ্যে রয়েছে কে-মেলন ও অ্যামায়া। মজিলার ‘গিকো’ ইঞ্জিনেই চালিত কে-মেলন যা ডাউনলোড করা যাবে kmeleon.sourceforge.net থেকে। অ্যামায়া মূলত একটি ওয়েব ব্রাউজার ও এডিটর। ওয়েব ডক্যুমেন্ট তৈরি করতে এটির মাধ্যমে সরাসরি ওয়েবে এটি করা যায়। এইচটিএমএল ও সিএসএস নির্ভর অ্যামায়া এক্সএমএল এবং এর আধুনিক সব সংস্করণই সমর্থন করে। অ্যামারা ডাউনলোড করার জন্য ওয়েবসাইট :www.w3.org/Amaya।

ই-মেইল ক্লায়েন্ট

ই-মেইল ক্লায়েন্ট হিসেবেও বেশ জনপ্রিয় অ্যাপ্লিকেশন মজিলার থান্ডারবার্ড। একটি আদর্শ ই-মেইল ক্লায়েন্টের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই অ্যাপ্লিকেশনে। সব ধরনের ই-মেইল অ্যাকাউন্টের মেইল অ্যাড্রেস বুক এবং সেটিং এখানে ব্যবহার করা যায়। এতে রয়েছে ফিল্টার টুলবার, ট্যাব, সার্চ, মেসেজ আর্কাইভ, স্মার্ট ফোল্ডারসহ নানা সুবিধা। আর একে নিজের মত করে সাজানোর জন্য থিম ব্যবহারের সুযোগ তো রয়েছেই। ওয়েব ঠিকানা :www.mozillamessaging.com/en-US।

ইন্সট্যান্ট মেসেঞ্জার

ইন্সট্যান্ট মেসেঞ্জার ক্লায়েন্ট হিসেবে পিডগিন যথেষ্ট জনপ্রিয় এবং এটি ওপেন সোর্স ভিত্তিক একটি অ্যাপ্লিকেশন। এতে একই সাথে এআইএম, গুগল টক, ইয়াহু মেসেঞ্জার, মাইস্পেস আইএম, এমএসএনসহ জনপ্রিয় সব চ্যাট নেটওয়ার্ক সমর্থন করে। একটি মাত্র উইন্ডো থেকেই ব্যবহার করা যায় সব নেটওয়ার্কের মেসেঞ্জার সার্ভিস। বিনামূল্যের এই মেসেঞ্জার ক্লায়েন্টের জন্য ওয়েব ঠিকানা :www.pidging.in।

পিডগিন ছাড়াও আরেকটি ওপেন সোর্স ভিত্তিক মেসেঞ্জার সার্ভিস হচ্ছে এএমএসএন। এটি মূলত এমএসএন মেসেঞ্জারের ক্লোন। এতে রয়েছে অফলাইন মেসেজিং, ভয়েস ক্লিপ, ছবি, ইমোটিকন, ওয়েবক্যাম সমর্থনসহ সব ধরনের সুবিধা। প্রায় ৪০টি ভাষা সমর্থন করে। এটি ডাউনলোড করতে ভিজিট করুন http://amsn.sourceforge.net।

অডিও-ভিডিও প্লেয়ার

অডিও-ভিডিও প্লেয়ারের মধ্যে ওপেন সোর্সভিত্তিক জনপ্রিয় কয়েকটি প্লেয়ার হচ্ছে ভিএলসি, মিরো, এমপ্লেয়ার প্রভৃতি। এর মধ্যে ভিডিও ল্যান অর্গানাইজেশনের ভিএলসি প্লেয়ারটি প্রায় সব ধরনের মাল্টিমিডিয়া ফাইল ফরম্যাট, সিডি, ভিসিডি, ডিভিডি, ফরম্যাট সমর্থন করে। ওপেন সোর্স প্লেয়ারগুলোর মধ্যে এর জনপ্রিয়তাও অনেক বেশি। এটি ডাউনলোড করতে ভিজিট করুন :www. videolan.org/vlc আরেকটি চমত্কার ভিডিও প্লোয়ার হচ্ছে মিরো। এটি একটি এইচডি ভিডিও প্লেয়ার। অনলাইনে এর মাধ্যমে এইচডি ভিডিও স্ট্রিমিং করার সুবিধা রয়েছে। এর মাধ্যমে ইউটিউব থেকেও ভিডিও ডাউনলোড করা যায় সহজেই। মিরোর জন্য ওয়েব ঠিকানা :www.getmiro.com।

এমপ্লেয়ার আরেকটি ভিডিও প্লেয়ার যা প্রায় সব ধরনের ভিডিও এবং মুভি ফরম্যাট সমর্থন করে। এটি বিভিন্ন ধরনের আউটপুট ড্রাইভার সমর্থন করে। এমপ্লেয়ার এর ডাউনলোড লিংক :www. mplayerhg.hu/design 7/dload.html।

ফাইল শেয়ারিং

ফাইল শেয়ারিং অ্যাপ্লিকেশন হিসেবে ওপেনসোর্সের রয়েছে অ্যাজুরেস বা ভিউজ। বিট-টরেন্ট এর সমমানের অ্যাপ্লিকেশন হিসেবে ভিউজ ব্যবহার করা যায় সহজেই। ঠিকানা :www. azureus.sourceforge.net।

ফটো এডিটর

ফটো এডিটর হিসেবে অ্যাডোবি’র ফটোশপ অত্যাধিক জনপ্রিয় হলেও ওপেন সোর্স ভিত্তিক জিআইএমপি উইন একটি কার্যকরি ফটো এডিটর। ছবি সম্পাদনা করার জন্য প্রয়োজনীয় সব টুলস এবং সকল সুবিধা রয়েছে এই এডিটরে। ঠিকানা :http://gimp-win.sourceforge.net।

মাইক্রোসফটের পেইন্ট এর সাথে যারা কাজ করতে অভ্যস্ত, তাদের জন্য রয়েছে পেইন্ট.নেট। এর মাধ্যমেও পেইন্টের মত সব ধরনের কাজই করা যায়। ওয়েব :www.get paint.net/download.html।

ফাইল কনভার্টার

মিডিয়া ফাইলকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করতে রয়েচে হ্যান্ডব্রেক। ভিডিও বা ব্লু-রে ডিস্ক থেকে এটি এমপিইজি ৪, এমকেভি ফরম্যাটে রূপান্তর করতে সক্ষম এটি। এর মাধ্যমে ভিডিও রূপান্তর গুণগত মানটি অক্ষুণ্ন থাকে। অডিও কোডেক হিসেবে এতে এএসি, এমপিথ্রি প্রভৃতি এবং ভিডিও কোডেক হিসেবে ব্যবহার করে এমপিইজি-৪, এইচ.২৬৪ প্রভৃতি। চমত্কার এই ফাইল কনভার্টারটি ডাউনলোড করতে ভিজিট করুন :handbrake.m0k.org।