বিশ্ব অর্থনীতির টু কি টাকি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

 

বাণিজ্যযুদ্ধের ক্ষতি ৮৫ হাজার কোটি ডলার

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যযুদ্ধে বিশ্ব অর্থনীতির ৮৫ হাজার কোটি ডলার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিশ্বের প্রবৃদ্ধিকে ১ শতাংশ টেনে নামাতে পারে। তবে বাণিজ্যযুদ্ধে আগামী বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক ৫ শতাংশ কমবে বলে ধারণা করছেন ফ্রান্সের বিশ্লেষকেরা। তবে চলমান বাণিজ্য উত্তেজনা কমিয়ে নিয়ে আসতে আগামী অক্টোবরের শুরুতে উচ্চপর্যায়ের আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।

 

০০০

আমাজনের অগ্নিকাণ্ডের প্রতিবাদে ব্রাজিলের

চামড়া কিনবে না এইচঅ্যান্ডএম

আমাজনের অগ্নিকাণ্ডের প্রতিবাদে ব্রাজিলের কাছ থেকে চামড়া কেনা বন্ধ করেছে সুইডেনভিত্তিক শীর্ষ বহুজাতিক ফ্যাশন প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। বিশ্বের সর্ববৃহত্ রেইন ফরেস্টে এ ধরনের অগ্নিকাণ্ডে যে ধ্বংসযজ্ঞ হয়েছে এবং তা যথাযথ মোকাবিলা করতে না পারার কারণেই এইচঅ্যান্ডএম এমন সিদ্ধান্ত নিল। এর আগে মার্কিন প্রতিষ্ঠান ভিএফ করপোরেশন ও দ্য নর্থ ফেসও ব্রাজিল থেকে চামড়া না কেনার সিদ্ধান্ত নেয়। পরিবেশের ক্ষতি হয়নি এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলো চামড়া কিনবে না।

 

০০০

ভারতের গাড়িশিল্পে ধাক্কা

ভারতের গাড়িশিল্পে ব্যাপক ধাক্কা লেগেছে, তাই আগস্টে দেশটিতে গত ২১ বছরে মধ্যে সবচেয়ে কম গাড়ি বিক্রি হয়েছে। আর্থিক প্রবৃদ্ধি শ্লথ হওয়ার পাশাপাশি পরিবেশদূষণকে কেন্দ্র করে দেশটির গাড়িশিল্পে এ ধরনের নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। টাটা মোটরস, হুন্দাই মোটরস, টয়োটা কির্লোস্কও, হোন্ডা  কারস এবং মাহিন্দ্রার মতো বড়ো বড়ো গাড়ি কোম্পানির একই অবস্থা। যত দিন যাচ্ছে, অবস্থা আরো বেগতিক হচ্ছে। এদিকে এসব গাড়িনির্মাতা প্রতিষ্ঠানের বিক্রি কমে যাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইও শুরু করেছে।

—নাঈমা সুলতানা