তুরস্কে বোমা হামলায় নিহত ৭, আহত ১০

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণে একটি গাড়ির অন্তত ৭ জন যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে।

রাস্তায় পেতে রাখা বোমায় গাড়িটি বিস্ফোরিত হয়। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এই হামলা চালিয়েছে বলে সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে। স্থানীয় দৈনিক সাবাহর খবরে এ কথা বলা হয়েছে।

গভর্নর দপ্তর থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুল জেলায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের তাত্ক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। গভর্নর দপ্তর থেকে আরো জানানো হয়, ঐ দিন গাড়িতে করে গ্রামের ২০ জন কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে যাচ্ছিল। পথে পিকেকের সন্ত্রাসীরা আগে থেকে রাস্তায় বোমা পেতে রাখে। গাড়িটি যখন ঐ পথ দিয়ে যাচ্ছিল, তখনই বিকট শব্দে এর বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে চার জন এবং হাসপাতালে নেওয়ার পর আরো তিন জন নিহত হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সৌওলো পরে এক বিবৃতিতে বলেন, ‘সন্ত্রাসীদের পেতে রাখা বোমায় আমরা আমাদের সাত ভাইকে হারিয়েছি।’ তিনি বলেন, এ ঘটনায় আহত দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, ৩০ বছরেরও বেশি সময় ধরে তুরস্কের সঙ্গে বিরোধ চলছে পিকেকের। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ঐ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে। দুই পক্ষের এই বিরোধে এখন পর্যন্ত নারী-শিশুসহ ৪০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।