বঙ্গবন্ধু বিপিএলে খেলতে চায় কুমিল্লা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

স্পোর্টস রিপোর্টার

নতুন করে চার বছরের জন্য চুক্তির আগে বিসিবির কাছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা কয়েকটি দাবি জানিয়েছিল। যার মধ্যে লভ্যাংশ বন্টনের দাবিও ছিল। ফ্র্যাঞ্চাইজিদের দাবিগুলো বিবেচনায় আনেনি বিসিবি। গত সপ্তাহে নতুন আঙ্গিকে ফ্র্যাঞ্চাইজিদের ছাড়াই বিপিএল আয়োজনের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

দলগুলোর মালিকানা থাকবে বিসিবির হাতে, সব ব্যয় বহন করবে বিসিবি। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সপ্তম আসরের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

হঠাত্ করেই বিপিএলের কাঠামোর খোলনলচে এই পরিবর্তনে বিস্মিত ফ্র্যাঞ্চাইজিরা। সংবাদমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন দলগুলোর মালিকরা। গতকাল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল জানিয়েছেন, নতুন করে চুক্তি না করার বিষয়টি ফ্র্যাঞ্চাইজিদের এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। অথচ গত ৬ বছর ধরেই বিসিবির অধীনে খেলে আসছিল দলগুলো। হুট করে এমন পরিবর্তনে ক্রিকেট বিশ্বেও বিপিএল একটি অস্থিতিশীল টুর্নামেন্ট হিসেবে পরিচিতি পাচ্ছে।

গতকাল এক সংবাদ সম্মেলনে নাফিসা কামাল আরো বলেন, বঙ্গবন্ধু-বিপিএলে অংশ নিতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্মরণীয় এই বিপিএলে অতীতের তুলনায় আরও জাঁক-জমকভাবে খেলতে চায় দলটি। তবে শুধু টিম স্পন্সর হিসেবে বিপিএলে অংশ নিতে চায় না গত আসরের চ্যাম্পিয়নরা।

গত মাসে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে মিটিংয়ে নতুন চুক্তির জন্য ১৫ সেপ্টেম্বরের সময়সীমার কথা বলেছিল বিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের না জানিয়েই বিপিএলকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নাফিসা কামাল গতকাল বলেছেন, ‘মিটিংয়ে আমাদের বলা হয়েছিল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কাছে একটা ড্রাফট পাঠানো হবে, যেখানে আপনাদের প্রস্তাব এবং আমাদের প্রস্তাব মিলিয়ে থাকবে। যদি সেখানে আপনারা রাজি থাকেন তাহলে সাইন করে পরবর্তী চার বছরের জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যদিও রাজি না হন এরপরও একটা মিটিং হবে। ঠিক এমনই কথা হয়েছে।’

সপ্তম আসরের জন্য কাজও শুরু করে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিউজিল্যান্ডের পেসার ম্যাকক্লেনাঘান, আফগানিস্তানের মুজিব জাদরানকে দলে টেনেছিল তারা। কথা চলছিল হাশিম আমলার সাথেও। বিগ ব্যাশ ছেড়ে মুজিব এসেছিলেন বিপিএলে। কয়েকটি দল বিদেশি কোচও ঠিক করেছিল। হঠাত্ এমন পরিবর্তনে বিদেশি ক্রিকেটারদের কাছেও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা।

নাফিসা কামাল বলেছেন, ‘আমার মনে হয় অফিসে যদি কেউ একজন পাঁচ-ছয় বছর কাজ করে, তাকে যদি বাদ দেওয়া হয় কিংবা চাকরিচ্যুত করা হয়, সে নোটিশ পাবে। এটা তার অধিকার।’

দেশের অর্থমন্ত্রী, সাবেক আইসিসি ও বিসিবি সভাপতি আহম মুস্তাফা কামালের মেয়ে নাফিসা কামাল। ক্রিকেটের সঙ্গে তাদের সম্পৃক্ততা দীর্ঘদিনের। কুমিল্লা দলটিও দেশে-বিদেশে বেশ জনপ্রিয়। এই বছরের স্মরণীয় ‘বঙ্গবন্ধু-বিপিএল’-এ অংশ নিতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

নাফিসা কামাল গতকাল বলেছেন, ‘সবচেয়ে স্মরণীয় বিপিএল, বঙ্গবন্ধু বিপিএলের বাইরে আমরা থাকব, এটা কল্পনাও করতে পারিনি। আমি যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বঙ্গবন্ধুর চেতনা কীভাবে কাজ করে তা আপনারা জানেন। তাই এই আসরের বাইরে থাকব এটা কল্পনাও করিনি।’

অতীতের তুলনায় বেশি অর্থ খরচ হলেও এই বড়ো আয়োজনে অংশীদার হতে চায় দলটি। নাফিসা কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমরা যাবো। মাঠে খেলব। গত ছয় আসর থেকে এবার দলটিকে আরো সুন্দর করে সাজাব। বঙ্গবন্ধুর চেতনা সবার মাঝে ছড়িয়ে দেবো। তিনি কোনো প্রতিষ্ঠানের না, তিনি সবার। আমরা এটার অংশীদার হতে চাই। শ্রদ্ধার সঙ্গে, গর্বের সঙ্গে আমরা এখানে যোগ দিতে চাই।’