ঝুঁকি এড়ালেন রাসেল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

স্পোর্টস ডেস্ক

বাউন্সারের আঘাতে মাঠের বাইরে চলে যাওয়ার তালিকায় এবার ঢুকে গেল আন্দ্রে রাসেলের নাম। গতকাল শুক্রবার ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। মাথায় আঘাত নিয়ে মাঠের বাইরে চলে গেলেও এখন তিনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত আছেন বলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি আসরের লিগ কর্তৃপক্ষ জানিয়েছে। জ্যামাইকা তালাওয়াসের এই উইন্ডিজ অলরাউন্ডার শর্ট বলে পুল করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন।  জ্যামাইকার ইনিংসের ১৪তম ওভারে ঘটনার সূত্রপাত। ক্রিজে তখন নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। শূন্য রানে ব্যাট করা রাসেলকে শর্ট বল দেন প্রতিপক্ষ দলের পেসার হারদুস ভিলজয়েন। পুল করতে চেয়ে ব্যর্থ রাসেল। বল সরাসরি গিয়ে হেলমেটের ডানপাশে আঘাত হানে।

বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া রাসেলের হেলমেট দ্রুত সরান সেন্ট লুসিয়া জকসের ফিল্ডাররা। মাঠে আসা মেডিক্যাল টিমের সেবা নেওয়ার আগেই উঠে দাঁড়ান রাসেল। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় রাসেলকে। পরে তখনই তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে স্ক্যানও করা হয়। সেখান থেকে জানা যায়, বড়ো কোনো ঝুঁকি নেই রাসেলের। যদিও তাকে আর মাঠে না নামিয়ে টিম হোটেলে বিশ্রামের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিস্তারিত জানায় সিপিএল কর্তৃপক্ষ। তারা লিখেছে, ‘ডাক্তারদের পরামর্শেই আন্দ্রে রাসেলকে হোটেল রুমে বিশ্রামের জন্য পাঠানো হয়েছে। সঙ্গে তার স্ত্রী ও জ্যামাইকা তালাওয়াস দলের মেডিক্যাল দলের একজন সদস্য আছেন। আশাকরি দ্রুতই তিনি স্বাভাবিক হয়ে উঠবেন।’ ম্যাচটাতে জ্যামাইকা হারে পাঁচ উইকেটের ব্যবধানে। টসে হেরে ব্যাট করতে নেমে জ্যামাইকা গ্ল্যান ফিলিপসের ফিফটি ও রোভম্যান পাওয়েলের ঝড়ো ৪৪ রানে সংগ্রহ দাঁড় করায় পাঁচ উইকেটে ১৭০। জবাবে দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও রাহকিম কর্ণওয়ালের ১১১ রানের জুটিতে ম্যাচের লাগাম নিজেদের করে নেয়। শেষঅবধি পাঁচ  উইকেট হারিয়ে ২০ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় সেন্ট লুসিয়া।