বাংলাদেশের অর্জন তিন পদক
স্পোর্টস রিপোর্টার
রুমান সানার পদকজয়ের প্রত্যাশা পূরণ হয়ে গিয়েছিল আগেই। গতকাল শুক্রবার এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভের ফাইনালে ছিল সেটা ছাপিয়ে যাওয়ার পালা। চীনা প্রতিপক্ষ সাই হেঙ্কিকে হারিয়ে সোনা জিতেই প্রতিযোগিতা শেষ করেন দেশসেরা এই আর্চার।
এর আগে গতকালই দলগত পুরুষ রিকার্ভের ফাইনালে চীনের কাছেই হেরে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল সানা, তামিমুল ইসলাম ও হাকিমুল ইসলাম রুবেলের বাংলাদেশকে। তবে মিশ্র রিকার্ভের তৃতীয় স্থান নির্ধারণীতে বিউটি রায়ের সঙ্গে জুটি বাঁধা রুমান সানা চীনা তাইপেকে হারিয়ে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন বাংলাদেশকে।
এ বছরের মার্চে এশিয়া কাপের প্রথম পর্বেও সোনাজয়ের খুব কাছাকাছি গিয়ে ফিরতে হয়েছিল রুমান সানাকে। সেবার ফাইনালে কাজাখস্তানের আবদুল্লিন উলফাতের কাছে ৬-২ গেমে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার।
তবে এবার কোনো ভুল হয়নি সানার। ফিলিপাইনের ক্লার্ক সিটিতে এশিয়া কাপ ফাইনালে বিশ্ব র্যাংকিংয়ের ১৪তম এই খেলোয়াড় ৭-৩ গেমে হারান চীনা আর্চার শি জেঙ্কিকে। ফলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এশীয় এই প্রতিযোগিতার স্বর্ণপদক ওঠে তার হাতে।
চলতি বছর নেদারল্যান্ডসে বিশ্বকাপ আর্চারিতে ব্রোঞ্জ জেতার মাধ্যমে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন সানা। এরপর অবশ্য টোকিওতে অলিম্পিকের পরীক্ষামূলক ইভেন্টে ছন্দপতন ঘটে তার। বিদায় নেন প্রথম রাউন্ড থেকেই। এরপর ঈদুল আজহার ১০ দিনের ছুটিতে অনুশীলনেও ছেদ পড়ে।
সেই ঘাটতি কাটিয়ে উঠতেই অনুশীলনে বাড়তি সময় দেন সানা। তারপরও প্রতিযোগিতায় যাত্রা শুরু করার আগে জানিয়েছিলেন, ব্রোঞ্জ জিতলেই সন্তুষ্ট থাকবেন তিনি। সেই প্রত্যাশা ছাপিয়ে স্বর্ণ নিয়েই প্রতিযোগিতা শেষ করলেন আনসারের এই আর্চার। প্রত্যাশার চেয়েও বেশি সাফল্যের কারণ হিসেবে বাড়তি পরিশ্রমকেই দেখছেন সানা, ‘আমি সব সময়ই নিজের শুটিং টাইম ও ফলো থ্রুর হিসাব রাখি। সেটাকে প্রতিনিয়ত আরো ভালো করার চেষ্টাও থাকে আমার। আজকের স্বর্ণপদক তারই ফসল।’
রিকার্ভ পুরুষ এককের ফাইনালের আগে দলগত রিকার্ভে সাই হেঙ্কির চীনের কাছে ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে হেরেই স্বর্ণপদক জেতা হয়নি বাংলাদেশের। তবে ইভেন্টটিতে রৌপ্য জয় করেই এশিয়া কাপে নিজেদের সেরা সাফল্যকে ছাপিয়ে গেছে বাংলাদেশ দল। এর আগে চলতি বছর ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম পর্বে ব্রোঞ্জ জিতেছিল কোচ মার্টিন ফ্রেডেরিখের শিষ্যরা।
রিকার্ভ পুরুষ একক ও দলীয় ইভেন্টের ফাইনাল খেলায় অন্তত রৌপ্য নিশ্চিত ছিল বাংলাদেশের। নিশ্চয়তা ছিল না মিশ্র রিকার্ভে ব্রোঞ্জ জেতার। গতকাল ব্রোঞ্জ ফাইনালে চীনা তাইপেকে ৫-১ গেম ব্যবধানে হারান রোমান সানা ও বিউটি রায়, নিশ্চিত হয় ব্রোঞ্জপদকও। ফলে অংশগ্রহণ করা চারটি ইভেন্টের তিনটিতেই পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশ।
