স্পোর্টস ডেস্ক
লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত সূচনার পর স্বস্তিতে নেই দলটির সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকা প্রতিদ্বন্দ্বীরা। কোচ য়ুর্গেন ক্লপের দল তাই আজ শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধেও জিতে দুরন্তপনা অব্যাহত রাখতে চায়।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল ইংলিশ প্রিমিয়ারে আগের চার খেলার সব কটিতেই জয়ী হয়। এ জয়গুলোর সুবাদে ক্লপের দল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান গড়ে এগিয়ে চলেছে। ইতিমধ্যে তারা হারিয়েছে নরউইচ, সাউদাম্পটন, আর্সেনাল ও বার্নলিকে।
লিগে মাত্র চারটি করে খেলা হয়েছে। তাই এখনই চূড়ান্ত কিছু বলার সময় হয়নি। কিন্তু লিভারপুলের খেলা দেখে বোদ্ধারা একমত গেল মৌসুমে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হওয়ার বিষয়টি শোধরাতে চায় অলরেডরা।
আর্সেনালের ড্যানি সেবাল্লোস রিয়াল মাদ্রিদ থেকে ধারে যোগ দেওয়ার পর এই প্রথম ইংলিশ ফুটবলে খেলছেন। কিন্তু আগস্টে লিভারপুল যে তীব্রতায় আর্সেনালকে ৩-১ গোলে হারায় তাতে বিস্মিত স্পানিশ মিডফিল্ডারটি। তিনি বলেন, ‘আমি আগে এরকম কখনো দেখিনি। এখন পর্যন্ত আমি কোনো দলকে এতটা ভালো খেলতে, এতটা চাপিয়ে খেলতে দেখতে পাইনি।’
ড্যানি আরো বলেন, ‘সে খেলাটি আমার ওপর গভীর ছাপ ফেলেছে। তারা আপনার কাছ থেকে বাতাসটাও শুষে নিবে। আপনি অনেকক্ষণ রক্ষণেই পড়ে থাকবেন এবং যখন আপনি হাঁফ ছেড়ে ওঠার সময় পাবেন এবং বল কিছুটা দখলে নেবেন, সেই সময়েই তারা আবার এটা আপনার কাছ থেকে নিয়ে নেবে। আমি মনে করি য়ুর্গেন ক্লপ চার বছর আগে যোগ দেওয়ার পর তার মনে থাকা দলটিকেই পেয়েছেন এখন।’
এর মধ্য দিয়েই বোঝা যায় সিটির সামনে কাজটা কতটা কঠিন। বিশেষ করে লিভারপুল যেখানে ১৯৯০ এর পর আবার প্রথম প্রিমিয়ার লিগ জয়ে মরিয়া। সিটি হয়তো গেল দুটি লিগ দুরন্ত কেতায় জিতে নিয়েছে, কিন্তু লিভারপুলকে এ দফায় আগের চাইতেও ভালো মনে হচ্ছে। তাই নিউক্যাসলের জন্য অ্যানফিল্ডে লিভারপুলকে থামানো কঠিন হতে পারে।
ম্যানচেস্টার সিটি আজ রাতের দিকে নরউইচের বিরুদ্ধে খেলবে। কোচ পেপ গার্দিওলার দলও অপরাজিত আছে। যদিও টটেনহ্যামের সঙ্গে ড্র করে তারা পিছিয়ে পড়ে। কাজেই লিভারপুলের সঙ্গে পাল্লা দিতে হলে আরেকটি হোঁচট খাওয়া চলবে না সিটির।
এদিকে ম্যানচেস্টার শহরেরই আরেক প্রান্তে কোচ ওলে গুনার সোলসারের ইউনাইটেড ইতিমধ্যেই হতাশাব্যঞ্জক শুরুর পর শিরোপা লড়াইয়ে যোগ দেওয়াটা তাদের জন্য স্বপ্ন হয়ে গেছে। প্রথম চার খেলায় ম্যান ইউ কেবল একটিতে জিতেছে। এ প্রেক্ষাপটেই দলটি আজ লিস্টার সিটির মুখোমুখি হচ্ছে।
এছাড়াও আজ মাঠে নামবে প্রিমিয়ার লিগের অপর দুই বড়ো দল টটেনহ্যাম ও চেলসি।
