ফিরছেন ক্লাইস্টার্স

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

সাবেক বিশ্বসেরা টেনিস তারকা কিম ক্লাইস্টার্স আবারও অবসর ভেঙে টেনিসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছর জানুয়ারিতে ডব্লিউটিএ ট্যুর টুর্নামেন্ট দিয়ে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। ২০০৭ সালে বিবাহিত জীবন শুরু করার জন্য অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লাইস্টার্স। তবে বেলজিয়ান এই খেলোয়াড় দুই বছর পরেই আবারও টেনিসে ফিরে জেতেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাও। ২০১২ সালে দ্বিতীয়বার অবসরে যাওয়া এই তারকা অনুপ্রেরণা হিসেবে দেখছেন সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কাদেরকে। সেরেনা কন্যাসন্তান জন্ম দিয়েও ফিরে এসে চারটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেছেন। ক্লাইস্টার্স বলেন, ‘মায়েরা এখানে সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার জন্য দারুণ চেষ্টা করছে, যেটা একটা অনুপ্রেরণা। আমার প্রমাণ করার কিছু নেই। আমি মনে করি এটা আমার জন্যে একটা চ্যালেঞ্জ।’