ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের আমলিতলা এলাকার উপজেলা পরিষদের ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে গেছে। ফলে এই ব্রিজ দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পাঁচ গ্রামের মানুষ।
সরেজমিনে দেখা গেছে, ঐ ইউনিয়নের কাঁচামাটিয়া নদীর ওপর ১৯৯৮ সালে নির্মিত ফুট ব্রিজের দুই পাশের রেলিং ভাঙা। আর এ কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে উচাখিলা এলাকায় দুটি কলেজ, একটি মাদ্রাসা, দুটি মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কিন্ডার গার্টেন থাকায় অনেক শিক্ষার্থী এই ব্রিজের ওপর দিয়ে সাইকেল ও অটোরিক্সায় চলাচল করে। এছাড়াও গ্রামগুলো চরাঞ্চল অধ্যুষিত হওয়ায় প্রচুর পরিমাণে শাকসবজি উত্পাদন হয়। কিন্তু সেসব শাকসবজি বাজারজাতকরণের জন্য ব্রিজ দিয়ে যাওয়ার সময় কৃষকরা দুর্ঘটনায় পড়েন। এই ব্রিজ দিয়ে রফিয়ার আলগী, আলাদিয়ার চর, নাওভাঙার চর, চরআলগী ও মরিচার চরের মানুষ চলাচল করেন।
স্থানীয় সাইদুল হক সরকার জানান, সম্প্রতি রফিয়ারআলগী গ্রামের গরু ব্যবসায়ী আজিজুল হক ও আবুল কাসেম ব্রিজ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। ব্রিজটি দুপাড়ের মানুষের চলাচলের সেতুবন্ধন হিসেবে কাজ করে। দীর্ঘদিন ধরে ব্রিজটি বেহাল অবস্থায় পড়ে আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে রুমানা তুয়া জানান, বিষয়টি নিয়ে উপজেলা এলজিইডির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
