বড়াইগ্রামে টিসি না পাওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (স্থানান্তর পত্র) না পাওয়ায় ক্ষোভে জহুরুল ইসলাম (১৯) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর রাতের দিকে উপজেলার গড়মাটি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সুইসাইড নোটে সে টিসি না পাওয়াকে আত্মহত্যার কারণ হিসেবে উল্লেখ করে গেছে। নিহত জহুরুল ইসলাম গড়মাটি গ্রামের কাঠ ব্যবসায়ী রইস উদ্দিনের ছেলে ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের স্বজনরা জানান, জহুরুল কিছুদিন যাবত্ কাদিরাবাদ কলেজে পড়তে চাচ্ছিল না। এ কারণে সে কলেজের নিয়ম অনুসরণ করে সকল পাওনাদি পরিশোধ করে নির্ধারিত ফরমে ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে আবেদন করে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তার আবেদন মঞ্জুর করেনি। এতে ক্ষোভে দুঃখে শুক্রবার ভোরের দিকে জহুরুল নিজ শোবার ঘরের তীরের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে দরজা না খোলায় ডাকাডাকির একপর্যায়ে স্বজনরা জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।