বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশনের কাছে রেললাইনের প্রায় এক ফুট জায়গা ভেঙে যাওয়ায় সকাল সাড়ে সাতটা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা ভৈরব-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। লাইন ঠিক করার পর বেলা পৌনে ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি হালিমপুর স্টেশন পার হওয়ার পরই লাইনের একাংশ ভেঙে যায়। এরপর স্থানীয়রা ভৈরব থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি ঘটনাস্থলের অদূরে আটক করে। খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় লাইনটি মেরামত করেন। তবে লাইন নষ্ট থাকার সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে ও ভৈরব থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি হালিমপুর স্টেশনের আগে আটকা পড়ে। লাইন মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশল বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) মো. আনিসুজ্জামান জানান, বেলা সাড়ে ৮টার দিকে লাইন নষ্ট হওয়ার খবর পান। পরে লোকজন নিয়ে এসে স্থানীয়দের সহায়তায় লাইনটি মেরামত করা হয়।
