কটিয়াদী পৌর সদরে সড়ক বেহাল, জনদুর্ভোগ চরমে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের উপজেলা পরিষদ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ছোটো-বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্ত এবং নিচু জায়গায় পানি জমে থাকে। পথচারী ও স্কুলকলেজের ছাত্রছাত্রীরা এ রাস্তা দিয়ে যাতায়াত করতে ভীষণ অসুবিধায় পড়ছেন। কটিয়াদী সড়ক ও জনপথ ডাকবাংলোর মোড় থেকে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত মাত্র ৭০০ মিটার দীর্ঘ এ সড়কটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতের একমাত্র সড়ক।

সরেজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এ সড়কটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোটো-বড়ো গর্তের। ফলে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। কাদাজল পেরিয়ে চলাচল করতে সর্বসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বেপরোয়া গাড়ি কাদাজল ছিটিয়ে পথচারীদের জামাকাপড় নষ্ট করছে। পাশাপাশি প্রতিদিন অনেকটা ঝুঁকি নিয়েই এ সড়কে চলছে যানবাহন। সাপ্তাহিক হাটের দিনসহ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে। এ নিয়ে জনমনে ক্ষোভ আর অসন্তোষ দেখা দিয়েছে।

কটিয়াদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, সড়কটি সংস্কার করা প্রয়োজন। এ ভাঙা সড়কটি দিয়ে চিকিত্সার জন্য হাসপাতালে আসতেই রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন। মুসল্লিরা মসজিদে যেতে অসুবিধায় পড়েছেন। জরুরিভিত্তিতে সংস্কার করা প্রয়োজন বলে দাবি জানান তিনি। পৌর মেয়র শওকত উসমান জানান, এ সড়কটিসহ কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ড্রেনগুলো পুনঃনির্মাণ করা হয়েছে।