ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে আবারও শুরু হয়েছে বন্য হাতির তাণ্ডব। গত তিন দিনে বন্য হাতির তাণ্ডবে উপজেলার বাকাকুড়া, গান্দিগাঁও, হালচাটি, ছোটো গজনী, বড়ো গজনীসহ কয়েকটি গ্রামের অর্ধশতাধিক একর জমির আমন ধান খেত খেয়ে ও নষ্ট করে ফেলেছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক কৃষক।
বাকাকুড়া গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টার, ধীমান চন্দ্র কোচ, ছোটো গজনী গ্রামের ফিলিশন সাংমাসহ গ্রামবাসীরা জানান, বর্তমানে বন্য হাতির দল প্রায় প্রতিদিনই পাহাড়ি গ্রামগুলোতে তাণ্ডব চালাচ্ছে। দিনে বন্য হাতির দল গভীর অরণ্যে আশ্রয় নিচ্ছে। আর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে তাণ্ডব চালাচ্ছে। কৃষকদের খেতের ধান, শিমুল আলু, কলার বাগান, আখ খেত, বাঁশ ঝাড় খেয়ে ও পায়ে পিশিয়ে ব্যাপকভাবে ক্ষতিসাধন করে চলেছে। হাতির কবল থেকে খেতের ফসল রক্ষার্থে গ্রামবাসীরা রাত জেগে পাহারা দিচ্ছে। ঢাক-ঢোল পিটিয়ে, মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছে। কিন্তু যতই হাতি তাড়ানোর চেষ্টা হচ্ছে ততই বন্য হাতির দল তেড়ে আসছে লোকালয়ে। সরকারিভাবে হাতি তাড়ানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পাহাড়ি গ্রামবাসীদের চোখে এখন ঘুম নেই। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পাহাড়ি গ্রামবাসী।
উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ বলেন, হাতির কবল থেকে পাহাড়ি গ্রামবাসীদের রক্ষায় স্থায়ীভাবে প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
