কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ চরটিটিয়া গ্রামে আদ্দীর বাড়ির দরজার জামে মসজিদের উত্তর পাশে অবস্থিত কালভার্টটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঢালাই পড়ে যাওয়ায় রডের ওপর সুপারিগাছ দিয়ে সাঁকোর মতো তৈরি করেছেন স্থানীয়রা। যার কারণে চরম ভোগান্তির শিকার এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা ফজর আলীর ছেলে আবুল হোসেন জানান, প্রায় ২৮ বছর পূর্বে খালটির ওপর কালভার্টটি নির্মাণ করা হয়। এটি অনেক পুরোনো হয়ে যাওয়াতে গত সাত বছর আগে থেকে এর ঢালাই ঝড়ে পড়া শুরু হয়। যার ফলে আজ এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

কুট্টি মিয়ার ছেলে আ. রশিদ বলেন, আমরা বুড়ো মানুষ হওয়াতে এখান দিয়ে পাড় হয়ে ঠিকমতো মসজিদে যেতে পারি না। এখান দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আমি কয়েকবার আহত হই।

ইউপি সদস্য আব্দুর রহমান জানান, সত্যি এটি একটি মরণ ফাঁদ। কালভার্টটি দুটি গ্রামের মধ্যস্থলে হওয়ায় এটার দিকে তেমন খেয়াল নেওয়া হয়নি।

দেউলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল মুঠোফোনে বলেন, আমি কয়েকদিন যাবত্ খুব অসুস্থ। এ ব্যাপারে আমি কিছু জানি না। কেউ আমাকে বলেনি।