কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নয় সদস্যের অনাস্থা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়া উপজেলায় শিক্ষক পেটানো সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের নয় সদস্য। বৃহস্পতিবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগে কান্দি ইউনিয়ন পরিষদের নয় সদস্য চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈয়ের বিরুদ্ধে শিক্ষক পেটানো, অর্থ আত্মসাত্, সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টি, পরিষদের সদস্য ও জনগণের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ ১৫টি অভিযোগ দায়ের করেন। তারা চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারে বসে গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদারকে চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ ও তার ভাই মনি বাড়ৈ পিটিয়ে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শিক্ষক অমূল্য রতন হালদারের স্ত্রী মনি হালদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর ভাই মনি বাড়ৈকে গ্রেফতার করে জেলাহাজতে পাঠিয়েছে।