চেয়ারম্যান পদে তিন জনসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪০

সাতকানিয়া ইউপি নির্বাচন

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠেয় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে তিন জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন ও ভাইস চেয়ারম্যান পদে আট জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাতকানিয়া উপজেলা ও জেলা নির্বাচন অফিসে প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো নিজে ও তাদের প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে এক জন করে দুই জন এবং এক জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট তিন জন মনোনয়পত্র জমা দিয়েছেন।

সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব, বিএনপি মনোনীত দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী এবং সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়ার বাসিন্দা আবদুল মোনায়েম মুন্না চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা বেগম, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল নাঈম রিকু, সাতকানিয়া পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিকু আরা বেগম ও তারান্নুম আয়েশা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সিকদার, উপজেলা বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সভাপতি সালাউদ্দীন হাসান চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক দলের সহসভাপতি মো. আসিফুর রহমান, নগর বিএনপির সদস্য বশির আহম্মেদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি লুত্ফুর রহমান, মো. জসিম উদ্দীন ও মো. ওমর ফারুক স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।  সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শেখ ফরিদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে এক জন করে দুই জন এবং স্বতন্ত্র হিসেবে এক জনসহ মোট তিন জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন ও ভাইস চেয়ারম্যান পদে আট জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।