মনোনয়নপত্র দাখিল বিদ্রোহীদের বিক্ষোভ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন

ইত্তেফাক ডেস্ক

আগামী ১৪ অক্টোবর পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। এদিকে, কোটচাঁদপুরে প্রার্থী বদলের দাবিতে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও করে। প্রতিনিধিদের পাঠানো খবর।

নেত্রকোনা: পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার আটপাড়ায় বৃহস্পতিবার বিকালে চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান পদে সাত জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। 

উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার জিন্নাত আরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ১৫ সেপ্টেম্বর জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে।

শেরপুর: শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ছয় প্রার্থীসহ ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শুকুর মামুদ মিঞা জানান, চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া আওয়ামী লীগের আরও দুুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করেছেন।

শেরপুর সদর উপজেলায় এবার ইভিএমে ভোট হবে বলেও জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মামুদ মিঞা।

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকালে কোটচাঁদপুর শহরের আখ সেন্টার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলীর সমর্থকরা।