দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে ৩৪তম চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও গাউসুল আজম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর যৌথভাবে ক্যাম্পের আয়োজন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চক্ষু শিবির কমিটির সভাপতি আব্দুল মালেক চিশতী ক্যাম্পের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ও রিতু আক্তার, চক্ষু শিবির কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মতলবে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ কবির আহমেদ, যুগ্ম সম্পাদক ফারুক বিন জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু প্রমুখ।
বিনা মূল্যে গাছের চারা বিতরণ
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে বিনামূল্যে শিক্ষার্থীদের ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মডেল সরকারি পাইলট হাই স্কুল মাঠে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা একাডেমি কর্মকর্তা রঞ্জন কুমার কুন্ডু। বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সরকারি মডেল পাইলট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে ১০ সেপ্টেম্বর শুরু হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ডাকবাংলো মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে পৌরসভাসহ উপজেলার মোট নয়টি দল অংশ নেয়। ফাইনালে তানোর পৌরসভা বনাম কলমা ইউনিয়ন ফুটবল টিম প্রতিযোগিতায় নামে। টাইব্রেকারে ৩-১ গোলে কলমাকে পরাজিত করে গৌরবজনক কাপটি তানোর পৌরসভা দল তুলে নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান লুত্ফর হায়দার রশিদ ময়না।
নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা শাহজাদপুরে শুক্রবার সাফ ভিশন একাডেমি শাহজাদপুর পৌর সদর চুনিয়াখালী পাড়ায় নিজ বিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাফ ভিশন একাডেমির চেয়ারম্যান গোলাম দস্তগীরের সভাপতিত্বে নবীনবরণ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন আর রশীদ লিয়াকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মামুন মিয়া ও ইলিয়াস হোসেন ইংরেজ।
২৫৮ দুস্থ নারীকে ভিজিডি চাল বিতরণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা সদর ইউনিয়ন পরিষদে ২৫৮ দুস্থ নারীকে বৃহস্পতিবার ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গৃহীত দুই বছর মেয়াদি চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ চাল বিতরণ করা হয়। তালা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিজিডি চাল বিতরণে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ইউপি সচিব শাহানারা খাতুন প্রমুখ।
‘নিরাপদ খাদ্য সুস্থ জীবন’ নিয়ে সচেতনতামূলক সভা
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে ‘নিরাপদ খাদ্য সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যে শুক্রবার নিরাপদ খাদ্য আইন ২০১৩ সম্পর্কিত সচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক সংগঠন বিল্ড ফর নেশন আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী প্রমুখ বক্তব্য রাখেন।
ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান মেলা উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান শিল্পী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত পরিচালক মো. শাহাদত্ জামান, সোনাতলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মো. জিয়াউল করিম প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা চরভদ্রাসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় গাজীরটেক ইউনিয়নকে ৫-২ গোলে পরাজিত করে সদর ইউনিয়ন চ্যাম্পিন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান প্রমুখ।
জামালপুরের নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময়
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা মাদারগঞ্জের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নবনিযুক্ত জামালপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জামালপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। আরো বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ সার্কেলের এএসপি সামিউল আলম পিপিএম, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।
মনোহরপুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জীবননগরের মনোহরপুরে গতকাল শুক্রবার ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওয়েভে ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচি এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে রোগী দেখেন ও ব্যবস্থাপত্র দেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. নেহেরুল ইসলাম। মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বদর উদ্দিন চিকিত্সা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. নেহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মনোহরপুর ইউপি সদস্য জাহিদুল আলম টিপু, ইউপি সদস্য চামেলী খাতুন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য রাশিদা খাতুন প্রমুখ।
আইসিটি ক্লাবের সমন্বয়সভা
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা নান্দাইলের ঘোষপাড়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার আইসিটি ক্লাবের সমন্বয়সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ঘোষপাড়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও আইসিটি ক্লাবের সভাপতি আবুল হাছান মো. এনামুল হক সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি প্রভাষক শাহরীয়ার মীরসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক।
