স্মরণ
মফিজ ইমাম মিলন
প্রকৃতিপ্রেমী লেখক অনুবাদক দ্বিজেন শর্মা নিসর্গ ও প্রকৃতির সঙ্গে মানুষকে অবিচ্ছেদ্য অংশ মনে করতেন। প্রকৃতিকে জয় করা নয়, তাঁকে ভালোবেসে তার অংশ হয়ে স্নিগ্ধ সুন্দর জীবনযাপনের দিকে তিনি মানুষকে উদ্ধুদ্ধ করতে চেয়েছেন। মানুষ ও প্রকৃতির জন্য গভীর ভালোবাসা ছিল বলেই দ্বিজেন শর্মা হয়ে উঠেছিলেন সুন্দর মনের অধিকারী একজন অসাধারণ মানুষ।
অবিভক্ত ভারতের আসাম রাজ্যের মৌলভীবাজারের বড়লেখায় তাঁর জন্ম ১৯২৯ সালের ২৯ মে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, দেশ বিভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, ব্যাপক দেশান্তর, রাষ্ট্রভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, আইয়ুব খানের সামরিক শাসন, বাষট্টির ছাত্র-আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের জলোচ্ছ্বাস, একাত্তরের মুক্তিযুদ্ধ, সোভিয়েত সমাজতন্ত্র, গ্লাসনস্ত-পিরিস্ত্রোইকা ও সমাজতন্ত্রের পতন এবং একুশ শতকের বাংলাদেশের প্রথম দেড় দশকের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ঘটনাবলির মনোযোগী ও সংবেদনশীল সাক্ষী তিনি।
দ্বিজেন শর্মার দীর্ঘ জীবনের কোনো পর্ব ছিল আশায় উজ্জ্বল, কোনো পর্ব আশাভঙ্গের বেদনায় মলিন; কিন্তু শেষ পর্যন্ত তিনি ছিলেন আশাবাদী মানুষ। এক অনিঃশেষ শুভবোধে প্রশান্ত ছিল তাঁর মন। এই পৃথিবীর সবকিছুই তাঁর কাছে ছিল মধুময়। দ্বিজেন শর্মার প্রধান পরিচয় নিসর্গী আবার একই সঙ্গে তিনি ছিলেন উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক, বিজ্ঞানচিন্তক, অনুবাদক এবং সুলেখক। বাংলাদেশে বিজ্ঞান ও পরিবেশ নিয়ে লেখালেখির তিনি অন্যতম পথিকৃত্। বরিশালের ব্রজমোহন কলেজ ও ঢাকার নটরডেম কলেজে উদ্ভিদবিজ্ঞান পড়িয়েছেন। মস্কোর প্রগতি প্রকাশনে অনুবাদকের কাজ করেছেন প্রায় দুই দশক, অনুবাদ করেছেন প্রায় ৪০টি বই। এশিয়াটিক সোসাইটির বাংলা-পিডিয়ার অন্যতম সম্পাদক ও অনুবাদকের দায়িত্ব পালন করেছেন। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ অনেক সম্মাননা।
বহু গ্রন্থের প্রণেতা, পরিবেশবিদ, চিন্তক, নিসর্গচেতনায় তরুণসমাজকে প্রাণিত করা দ্বিজেন শর্মার জীবনাবসান ঘটে ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বরে। অপার শ্রদ্ধাভরে স্মরণ করছি নিসর্গ প্রেমিক এই পৌরুষদীপ্ত বৃক্ষ প্রেমিককে।
n লেখক :সাংবাদিক ও সাহিত্যিক
