আগামী তিন বছরে (২০২০-২০২২) বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ হাজার ২৫০ কোটি টাকা (১ ডলার = ৮৪.৫ টাকা হিসাবে)। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং সরকারের ইশতেহার বাস্তবায়নের সঙ্গে মিল রেখে এই অর্থায়ন পরিকল্পনা সাজিয়েছে এডিবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত বুধবার সাক্ষাত্ করে এ তথ্য জানিয়েছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এ সময় ২০২০-২০২২ সময়কালে বাংলাদেশে এডিবির কান্ট্রি অপারেশন বিজনেস প্ল্যান (সিওবিপি) হস্তান্তর করেন। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাত অর্থাত্ অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, বিজ্ঞান ও কারিগরি গবেষণা, কৃষি উন্নয়ন এবং বেসরকারি খাতে এডিবির সহায়তার বিষয়ে প্রশংসা করেছেন। এ বিষয়ে মনমোহন প্রকাশ উল্লেখ করেন, নতুন অর্থায়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে। দ্রুত, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এডিবির সহায়তা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।
এডিবির কান্ট্রি ডিরেক্টর জানান, আগামী তিন বছরে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের সহায়তার পরিকল্পনা রয়েছে এডিবির। এর বাইরে পাইপলাইনে আরো কিছু প্রকল্প রয়েছে। সব মিলিয়ে তিন বছরে এডিবির সহায়তা ৫ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
এডিবির সহায়তার ৫৪ ভাগ দেওয়া হবে মানবসম্পদ, নগরসেবা, পানি সরবরাহ ও স্যানিটেশনের উন্নয়ন ছাড়াও সড়ক, রেল এবং বন্দর সংযোগের উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন এবং বিদ্যুত্ ব্যবস্থার উন্নয়নে। দক্ষতার পাশাপাশি উচ্চশিক্ষার উন্নয়ন ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থায়ন পরিকল্পনায়। সেই সঙ্গে আন্তর্জাতিক ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত সাসেক সংযোগ সড়কসহ অন্যান্য প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে।
এডিবির অর্থায়ন পরিকল্পনায় চলমান বেশ কিছু বড়ো প্রকল্প রয়েছে। এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক, জয়দেবপুর-এলেঙ্গা-রংপুর-বুড়িমারী-বাংলাবান্ধা সড়ক, ফরিদপুর-বরিশাল সড়ক, ঢাকা-চট্টগ্রাম ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প, ঢাকা এমআরটি লাইন-৫ (গাবতলী-পান্থপথ-আফতাবনগর), স্কিল ফর এমপ্লয়মেন্ট প্রকল্প, কম্পিউটার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্প, ঢাকা সুয়ারেজ সিস্টেম অ্যান্ড ওয়াটার সাপ্লাই প্রজেক্ট এবং খুলনা সুয়ারেজ সিস্টেম ডেভলপমেন্ট প্রজেক্ট। এছাড়াও নতুন করে নেওয়া প্রকল্পে অর্থায়ন করবে এডিবি। পাইপলাইনে থাকা এ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে অটোমেটেড রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, বন্ড মার্কেট উন্নয়ন, ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালীকরণ এবং গ্রামীণ সংযোগ ও বিদ্যুতায়ন এবং সেচ প্রকল্প।
