বগুড়ায় এক সন্ত্রাসীর পা কেটে নিয়েছে আরেক সন্ত্রাসী গ্রুপ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫০

বগুড়ায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে হাবিল (৪৫) নামে এক সন্ত্রাসীর একটি পা কেটে নিয়েছে অপর সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরতলীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাবিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়।

হাবিল চান্দপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তার নামে বগুড়া সদর থানায় আটটি মাদক ও সন্ত্রাস মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে হাবিল ও তার সহযোগীরা চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশঝাড়ে মাদক সেবন করছিল। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়। হামলার সময় তার সহযোগীরা পালিয়ে গেলেও হাবিলকে রামদা দিয়ে কুপিয়ে তার ডান পা কেটে নিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ এলাকায় তল্লাশি করে হাবিলের কাটা পা উদ্ধার করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, হাবিল চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। মাদক নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তার পা কেটে নিয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।