কিছুক্ষণ হাঁটলাম, ধুলো গায়ে মাখলাম
রাজধানী ঢাকা
ডাস্টবিন, কাদা, বালি, জ্যাম দিয়ে আঁকা।
বাসে উঠে বসলাম, গায়ে গায়ে ঘষলাম
সিট খুব চাপা
যাত্রীরা স্ট্যান্ডিং, তবু ভাড়া মাপা।
মার্কেটে ঢুকলাম, গন্ধটা শুঁকলাম
অল্পই দেশি
বাকি নাকি ফরেনের, তাই দাম বেশি।
উঁচু উঁচু বিল্ডিং, মানুষের আছে শিং
রাস্তায় গুঁতো
মারে কেউ, কেউ ধরে ছল আর ছুতো।
আরো আছে বহু খুঁত, তবু কী যে অদ্ভুত
ভালোবাসি ঢাকা
ঠাসাঠাসি জড়াজড়ি করে তাই থাকা।
