কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পর্যায়ে স্থানীয় ৩০ জন নারী পাচ্ছেন মোটরযান চালানোর প্রশিক্ষণ। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মোটরযান চালানোর প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মহিলা বিষয়ক অধিদপ্তর উপসচিব ললিতা বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ উল আলম খান মাসুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, মহিলা সংস্থার সমন্বয়কারী জেসমিন বেগম প্রমুখ।
জানা গেছে, ৩ মাসব্যাপী এ মোটরযান চালানোর প্রশিক্ষণ কোর্সের প্রথম ধাপে উপজেলার ৩০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে মোটরযান চালনায় দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে আগ্রহী অন্য নারীদেরও এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রতিদিন প্রত্যেকে ১০০ টাকা যাতায়াত ভাতা হিসেবে পাবেন।
