স্থগিত কাউন্সিল নিয়ে ছাত্রদলই তাদের সিদ্ধান্ত নেবে -------------------মির্জা ফখরুল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩০

আদালতের নির্দেশে স্থগিত ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে ছাত্রদলই তাদের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটা তাদের ব্যাপার। আমরা বিএনপি এর সঙ্গে জড়িত নই। তারা কীভাবে কাউন্সিলটা করবে, তা তাদের বিষয়। আমাদের বিরুদ্ধে আদালত যে নোটিশ দিয়েছে, যথাসময় সেটির জবাব দেব। ছাত্রদলের সিদ্ধান্ত ছাত্রদলই নেবে।’ গতকাল শুক্রবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

অপর এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নিতে পারেন। ছাত্রদলের কাউন্সিল স্থগিতের আদেশটি হঠাত্ করেই এসেছে। সবার অগোচরেই এটা সবার সামনে এসেছে। বিষয়টি সত্যিই রহস্যজনক। এটাতে পরিষ্কার বোঝা যায় এতে সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে।’ বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।