ফতুল্লার বক্তাবলীর প্রসন্ননগর খাজা মার্কেট এলাকার একটি বাসা থেকে ইজিবাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে গাছে বেঁধে রাখে এলাকাবাসী। পরে দুই চোরকে পুলিশে সোপর্দ করে তারা। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আটক চোর হূদয় (২০) সিলেটের সুনামগঞ্জের মৃত নাছির উদ্দিনের ছেলে। সে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক গোপচর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। রোহান (২১) রংপুরের মো. সিদ্দিক মিয়ার ছেলে। সে আলীরটেকের ডিক্রিরচর এলাকার ভাড়াটে।
জানা গেছে, বক্তাবলীর প্রসন্ননগর এলাকার মুজিবুর রহমানের ইজিবাইক চুরি করতে গতকাল ভোরে তার বাড়িতে প্রবেশ করে দুই চোর। তারা ইজিবাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় মুজিবুর টের পেয়ে যান। তখন দুই চোরের সঙ্গে মুজিবুরের হাতাহাতির ঘটনা ঘটে। পরে মুজিবুরের স্ত্রী সুলতানাও ঘর থেকে বের হয়ে দুজনকে মারধর করতে থাকে। এ সময় দুই চোরের কিলঘুষিতে মুজিবুরের স্ত্রী আহত হন। পরে স্বামী-স্ত্রীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে দুই চোরকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে। ফতুল্লা মডেল থানার এএসআই আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
